প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ‘হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৫০ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুর রহমান সাইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টি.এ.এম. ওমর ফারুক রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল, চিটাগাং ডিভিশন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম.এ. আজিজ, বাকলিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হোসনে মোবারক, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পারভীন আক্তার, ফ্রেশ সিমেন্ট, এমজিআইয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তারেকুল আলম রাশেল, হোম ট্যাক্স লিমিটেড চট্টগ্রামের স্বত্বাধিকারী ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ বেলাল হোসেন, মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ.কিউ.এম. মুসলেউদ্দিন, খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সর্দার ও আলী আকবর স্বপন, কৃষ্ণচূড়া স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার এবং হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ নাদের আলম মহসিন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহযোগিতা করার লক্ষ্যেই হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম নিয়মিতভাবে মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মেধাবৃত্তি-২০২৫-এর আওতায় নির্বাচিত ৩৫০ জন কৃতী শিক্ষার্থীকে এ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার মেধাবী প্রজন্মের ওপর। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করে। এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
বক্তারা হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট